রামেক হাসপাতালে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু: চিকিৎসাধীন ১৩৭
- আপডেট সময় : ১২:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে গত দুদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেলেও ৪৮ ঘণ্টার হিসেবে দুজন মারা গেছেন। দুজনেরই মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ৬১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
৩ অক্টোবর মারা যাওয়া রোগী হলেন- মো. সাদেক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
এর আগে ২ অক্টোবর মারা যান মোসা. মারজিনা বেগম (৫৯)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা এবং পেশায় গৃহিণী। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর সকাল ৯টা ৫৭ মিনিটে তার মৃত্যু হয়। তারও মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু শক সিন্ড্রোম।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানায়- গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির সংখ্যা ৩০ হলেও ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। তারপরও হাসপাতালে বর্তমানে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
















