দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা
- আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার। বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জামায়াত আমীর বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধীদল ২টি শপথ নিলেও সরকার নিয়েছে একটি শপথ। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
বাংলাদেশ বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার বলেছিল দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু হচ্ছে তার বিপরীতটা। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।




















