রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৯:১৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবাগত ভলান্টিয়ারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, নতুন ও পুরাতন ভলান্টিয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাবেক সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একপর্যায়ে ক্লাবের সদস্যদের মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহাবুর রহমান মাসুম, অষ্টম কমিটির সাবেক সভাপতি এস.এম. মাহফুজ আহমেদ, অষ্টম কমিটির সাবেক অফিস সেক্রেটারি উম্মে তৈয়বা খাতুন, নবম কমিটির সাবেক সভাপতি যোবায়ের আহমেদ এবং নবম কমিটির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং শাহামাত হোসেন।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও ক্লাবকে ঘিরে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে ক্লাবের দীর্ঘ পথচলা, বিভিন্ন কার্যক্রম ও সদস্যদের অভিজ্ঞতার নানা দিক উঠে আসে। সাবেকদের স্মৃতিচারণ বর্তমান সদস্য ও নবাগত ভলান্টিয়ারদের জন্য অনুপ্রেরণার সৃষ্টি করে।
ক্লাবের বর্তমান কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম নূহ, জয়েন্ট সেক্রেটারি এস. এম. শারাফাত হোসাইনসহ এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্য। এ ছাড়া ক্লাবের নতুন ও পুরাতন ভলান্টিয়াররাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবাগত ভলান্টিয়ারদের ওরিয়েন্টেশন। এ সময় নতুন ভলান্টিয়াররা ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি ও তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে বর্তমান কমিটির সদস্যরা নবাগত ভলান্টিয়ারদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ ছাড়া এক মাসব্যাপী পরিচালিত অ্যাম্বাসেডর প্রোগ্রামে সফলভাবে অংশগ্রহণকারী ক্লাস অ্যাম্বাসেডরদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্লাবের কার্যক্রমে তাঁদের অবদানের বিষয়টিও তুলে ধরা হয়।
অতীতের অভিজ্ঞতা, বর্তমানের উদ্দীপনা এবং ভবিষ্যতের স্বপ্নকে একসূত্রে গেঁথে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ১১ বছরের পথচলা পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় হওয়ার পাশাপাশি নবাগত ভলান্টিয়ারদের ক্লাবের কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।



















