জিয়া পরিবারের অনুমতি ছাড়া কোনো নামকরণ নয়: ভূমিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: জিয়া পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া পরিবারের কোনো সদস্যের নামে প্রতিষ্ঠানের নামকরণ কিংবা নামফলক স্থাপনের অনুমতি নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভূমিমন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবারের সদস্যদের নামে নামফলক স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিষেধ করেছেন। তবে আজ ঐতিহাসিক এই নামফলকটি পুনঃস্থাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে সরকার গঠনের পর রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করা। এ বিষয়ে প্রস্তাবনা দেওয়া হলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের শুভ সূচনা করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মিজানুর রহমান মিনু বলেন, ‘তিনি ছিলেন আমাদের মমতাময়ী মা। সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (গোদাগাড়ী-মোহনপুর) আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদুল হক ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা ও অতিরিক্ত জেলা জজসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক এই নামফলকটির বিষয়ে জানতে পেরে তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এটি খুঁজে বের করার চেষ্টা করেন। পরে এক স্টাফের কাছ থেকে নামফলকটি উদ্ধার করা সম্ভব হয়। ঐতিহাসিক ফলকটি পুনঃস্থাপন করতে পেরে তারা আনন্দিত।




















