স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সব পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা ও আহতদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়ে জীবন উৎসর্গ করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
এ সময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা মো. মাইনুল হক বলেন, “আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এদিকে, সকাল থেকেই জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। স্মৃতিস্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি নগরজুড়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং শহীদের বাবা মো. মাইনুল হক।
পরে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।




















