সমাজবিজ্ঞান বিভাগে আন্তঃবর্ষ বিতর্কে চ্যাম্পিয়ন এমিল ডুর্খেইম
- আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় সমাজবিজ্ঞান বিভাগের ভবনের ৪০১ নং কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হার্বার্ট স্পেন্সার দলকে হারিয়ে সেরার মুকুট অর্জন করেছে এমিল ডুর্খেইমের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষের মোট ১০টি দল অংশগ্রহণ করে। সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের সভাপতি মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় এবং শিক্ষক উপদেষ্টা ও বিভাগটির সহকারী অধ্যাপক মহসিন আল মামুনের সভাপতিত্বে এ আয়োজনের প্রধান অতিথির আসন গ্রহণ করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং রাজশাহী কলেজ অধ্যক্ষ ড.মোঃ ইব্রাহিম আলী
এসময় তিনি বলেন, “সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা শিক্ষার্থীদের এসব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করছি এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবু জোহা মো. জাস্টিসুল হায়দার বলেন, “জুলাই-পরবর্তী সময়ে আমরা সহশিক্ষা কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি। বিতর্ক ক্লাবটিকে কীভাবে পুনরায় সক্রিয় করা যায়, সে বিষয়ে কাজ করেছি। আজ ক্লাবটির কার্যক্রম আবারও চালু করতে পেরে আমরা আনন্দিত।”
দুই দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতাটির সমাপনী দিনে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী ও বিজিত দলের বিতর্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুই দিনব্যাপী আয়োজনটিতে গত শনিবার (১৮ জুলাই) অংশগ্রহণকারী বিভিন্ন বর্ষের মোট দশটি বিতর্কিক দলের মধ্য থেকে নকআউট পর্ব শেষে শেষে সেমিফাইনালের মাধ্যমে চূড়ান্ত দুই দল এমিল ডুর্খেইম ও হার্বার্ট স্পেন্সার ফাইনালে বিতর্ক করার সুযোগ পান।
সরকারি দল হিসেবে এ প্রতিযোগিতায় এমিল ডুর্খেইম দলের তিন বিতর্কিক ছিলেন উম্মে সালমা, কাজী মালিহা তাসকিন এবং মোঃ ফরিদ হোসেন। তাদের বিরোধিতা করে হার্বার্ট স্পেন্সার দল থেকে বিতর্কে অংশ নেন ফাতেমা তুজ-জহুরা, মোঃ শিহাব ও আবিদা সুলতানা চূড়ান্ত জয় ছিনিয়ে নেন। উভয় দলই তৃতীয় বর্ষের হয়ে লড়াই করেন এই বিতর্কের মঞ্চে।
বিতর্কে ডিবেটার অফ দা ফাইনাল হিসেবে পুরস্কার লাভ করেন বিরোধী দলের উপনেতা মোঃ শিহাব উদ্দিন।এছাড়াও ডিবেটার অফ দা টুর্নামেন্ট হিসেবে নকআউট পর্ব থেকে দুজন মনোনীত হয়েছেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, উপস্থাপনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বিতার্কিক ও অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা এ ধরনের আয়োজনে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে আগ্রহী। আয়োজনটি তাদের ভবিষ্যতের জন্য দক্ষ করে তুলবে বলে মনে করছেন সমাজবিজ্ঞান বিভাগের এই তরুণ শিক্ষার্থী প্রাণ।




















