বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসায় নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসার নবনির্মিত ৪র্থ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভবনটি উদ্বোধনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী পর্ব শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি তাদের শিক্ষাজীবনের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন এবং মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরাও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে মতামত ব্যক্ত করেন। ভবন উদ্বোধন শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি সম্মাননা স্মারক পাঠ করেন। এছাড়া বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি এবং মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ৩০ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি বাবলু মিয়া, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ মতিহার থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে বুধপাড়া আলিম মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।




















