আইনশৃঙ্খলা-জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার
- আপডেট সময় : ১২:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: আগামী দুই মাসের মধ্যে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। রবিবার সকাল ১১টায় आरএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরএমপি কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে অধিকতর সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপির কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”
মোহাম্মদ ফয়েজুল কবির আরও আশ্বাস দেন যে—মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির সম্মুখীন না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএম। এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। নবাগত কমিশনার রাজশাহী মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।



















