যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘গঠনমূলক’ ভূমিকার আহ্বান তুরস্কের
- আপডেট সময় : ১১:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে তারা সমর্থন দিয়ে যাবে। খবর আলজাজিরার।
ন্যাটো সদস্য এবং ইরানের প্রতিবেশী তুরস্ক জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে জানায়, ‘চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখব, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।’ একই সঙ্গে তারা আশা প্রকাশ করে যে, চলমান আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলক ভূমিকা পালন করবে।
তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা সপ্তাহের শেষে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়ায় একটি কূটনৈতিক ফোরামের ফাঁকে মিলিত হবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ কাতার সফর শেষে তুরস্কে যাবেন।




















