সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে: গোলাম পরওয়ার
- আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচ কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ খারিজ করে দিয়েছে। এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই জনরায় উপেক্ষা করা হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে ধাবিত হবে।
সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল, গণভোটে দেশের পাঁচ কোটি মানুষ তা প্রত্যাখ্যান করেছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। কিন্তু বিএনপি সেখানে ভিন্নমত দিয়ে প্রমাণ করেছে তারা আবারও কর্তৃত্ববাদী শাসন ও দুর্নীতির পথ সুগম করতে চায়।’
জ্বালানি সংকট ও জনদুর্ভোগের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে মাইলের পর মাইল লাইন লেগে আছে। অথচ পার্লামেন্টে মন্ত্রীরা বলছেন, কোনো সংকট নেই। দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। কৃষিতে সেচ সংকট তৈরি হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামে। সরকার জনগণের ভাগ্য বদলের চেয়ে নিজেদের ভাগ্য বদলাতে বেশি ব্যস্ত।
ভোলার জামায়াতের নারী নেত্রীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, একটি ফেসবুক পোস্টের কারণে প্রতিবন্ধী সন্তানকে রেখে একজন নারীকে হাতকড়া পরানো চরম অমানবিক। এছাড়া ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।




















