রাজশাহীতে সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা দিয়ে, যেখানে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব আপু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, যমুনা টেলিভিশন রাজশাহীর ব্যুরো প্রধান শিবলী নোমান, বাংলাদেশ প্রতিদিন ও উত্তরা প্রতিদিনের ব্যুরো প্রধানগণসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে ক্লাবের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ বিশেষ দোয়া পরিচালনা করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
বক্তারা মনে করিয়ে দেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কোনো সাংবাদিক হয়রানি বা নির্যাতনের শিকার হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


















