ভারতকে বলেছি সীমান্ত হত্যার কথা যেন শুনতে না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যসহ নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীমান্তে যেন আর কোনো বাংলাদেশি নাগরিককে হত্যা করা না হয়, সে বিষয়েও অবগত করা হয়েছে বলে জানান তিনি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশ পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সহযোগিতা চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সব ক্ষেত্রে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশা করি।
দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে নিরবচ্ছিন্ন আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব। বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি সীমান্ত হত্যার বিষয়টি তুলেছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার কথা আর শুনতে না হয়। আমরা চাই বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হোক, যাতে এ ধরনের ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়।




















