খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক
- আপডেট সময় : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার ফেসবুক পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদাত বরণ’ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তাহলে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।
হামলা বন্ধের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন— যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।
বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।




















