নরসিংদীর আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ-আল ফারুক।
মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক অপহরণ করে। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, এর প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















