ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ
- আপডেট সময় : ০৩:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: দেশের বিভিন্ন জায়গায় হামলা করে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ । সাধারণ নাগরিক ও সাংবাদিকদের উপরও পুলিশ হামলা করছে। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র এসব কথা বলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, এক বছর পূর্তি হওয়ার পূর্বেই জনগণের সমর্থনে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতীয় নির্বাচনে প্রার্থী ও জোট ঘোষণা একদম শেষ মুহূর্তে হওয়ায় আমরা প্রস্তুতি নিতে পারি নাই। এই কারণে আমরা স্থানীয় নির্বাচনে অন্য সকল দলের পূর্বেই আমরা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি। এই কমিটি বাংলাদেশের স্থানীয় নির্বাচনে প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা স্থানীয় পর্যায়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
জোটের বিষয়ে সারজিস আলম আরও বলেন, এগারো দলীয় জোট জাতীয় নির্বাচনে একসাথে কাজ করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা স্থানীয় নির্বাচনে এককভাবে কার্যক্রম শুরু করব। জামায়াতও তাদের কার্যক্রম এককভাবে শুরু করেছে। নির্বাচনের শেষ মুহূর্তে যদি দেশের স্বার্থে এগারো দলীয় জোট একক নির্বাচন করার সিদ্ধান্ত হয়, তাহলে আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা আমাদের নেতাকর্মীদের আহ্বান করব, আপনারা স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করুন। অন্যান্য দলের অনেক ত্যাগী নেতা আছে, যারা নিজ দলে মূল্যায়িত হন না। আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাবো। তাদের উদ্দেশ্য বলবো, আপনারা জনগণের সমর্থন থাকলে এনসিপিতে আসতে পারেন। আমরা আপনাদের স্বাগত জানাবো। এনসিপির দরজা আপনাদের জন্য খোলা রয়েছে।
সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদ এমপি বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। এনসিপির অফিশিয়ালি প্রথম আজকে এমপি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছি। এই নির্বাচনে প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের আহত করা হয়েছে। আমার নিজের গাড়িতে ছয়টি কোপ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হাতিয়ায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলা অব্যাহত রয়েছে। আমরা স্থানীয় ও জাতীয় মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই অরাজকতার বিষয়ে তুলে ধরবেন।




















