দাঁড়িপাল্লার সমর্থনে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল
- আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গী স্কোয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে। বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও তারা শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে, খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
গণমিছিলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা নেচে-গেয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন, এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।




















