রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে: আসিফ
- আপডেট সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং সিল দিতে হবে। সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সকল কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দশ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ শাপলা কলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।
চট্টগ্রাম আট আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিভিন্ন কার্ডের কথা আপনাদের বলছে। কিন্তু গত ষোল মাসে চাঁদাবাজি, দখলবাজি খুন ছিনতাই করে তারা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা আপনাদের কার্ড দেওয়ার কথা বলে নিজেরাই খেয়ে ফেলবে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে এগারো দলীয় ঐক্য জোট ও হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।




















