শহীদ হাদির কফিন ছুয়ে যে শপথ নিলেন তারা
- আপডেট সময় : ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
শুক্রবার বিকেলে ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, ‘শহীদের কফিন ছুয়ে আমাদের শপথ— আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো। হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদীর মতো কবুল করুন। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।’
বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন- সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান। এছাড়া ছিলেন- আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও জাবের। একই সঙ্গে বোন-জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। অপরদিকে, হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।
আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাইযোদ্ধা শহীদ হাদি।





















