প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৪:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানান তিনি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এটি ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ জরুরিভাবে পর্যালোচনা করতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধরনের বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে। আমরা আশা করি, সরকার ও প্রশাসন ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করবে। পাশাপাশি আমি হাদীর দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’




















