জানা গেল ঈশ্বরদীতে পিস্তল তাক করা সেই যুবকের পরিচয়
- আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালানোর একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেই ফুটেজ গণমাধ্যমেও ভাইরাল হয়। অবশেষে খোঁজ নিয়ে অস্ত্র হাতে দেখা ওই যুবকের পরিচয় মিলেছে। ভাইরাল হওয়া যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর আমার দেশকে বলেন, “বিভিন্ন সূত্র থেকে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। শতভাগ নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় (জগির মোড়) এলাকায় জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল গণসংযোগে গেলে পূর্ববর্তী বিরোধকে কেন্দ্র করে বিএনপির জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এর জেরে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়।





















