রাজশাহী কলেজে বিশ্ব দর্শন দিবস পালিত
- আপডেট সময় : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ: “ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে নৈতিক সমতা ও মূল্যবোধ” প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী কলেজ বিশ্ব দর্শন দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১২ টায় দর্শন বিভাগের এথিকস ক্লাবের উদ্যোগ রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আজকের যে প্রতিপাদ্য বিষয় ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে নৈতিক সমতা ও মূল্যবোধ এটি আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে আমরা কোন জায়গায় অবস্থান করছি, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়টা আসলে কি।
বক্তারা বলেন, আমাদের দেশের বাস্তবতায় যারা দর্শন পড়েছেন তাদের কাছে শুনবেন যে দর্শন পাগলের সাবজেক্ট। দর্শন পড়লে নাস্তিক হয়ে যায়, দর্শন পড়লে চাকরি পাওয়া যায় না। কিন্তু এখন উন্নত বিশ্বে দর্শন একটি চর্চার বিষয়। শুধু একটি সনদের জন্য দু লাইন পড়ার নাম দর্শন নয়, এর পরিসর ব্যাপক। দর্শন কথা বলে সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে। প্রাচীন যুগের দর্শন আর বর্তমান সমসাময়িক দর্শন এক নয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, বর্তমানে আমরা সততা আর মূল্যবোধ বাদ দিয়ে দূর্নীতি ও কালোবাজারি প্রতিষ্ঠা করেছি। আমাদের মূল্যবোধ এখন তলানিতে। তাই দর্শনের জ্ঞান থাকলে নিজের বিবেক কে প্রশ্ন করলেই সব উত্তর পাওয়া যাবে।
উল্লেখ্য এর আগে বেলা ১১ টায় দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





















