বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না: মাহমুদুর রহমান
- আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বড় বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, এটা আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, আমি সেটা বুঝি না। এটা হয়তো স্টাব্লিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেটির কারণে এটিকে বিপ্লব হিসেবে তারা মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্র হলো স্টাব্লিশমেন্ট ভেঙে দেওয়া। স্টাব্লিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা, সেটা চলে যায়। এ কারণে তারা এটাকে বিপ্লব মানতে চায় না।’
আমার দেশ সম্পাদক বলেন, ‘জুলাইয়ে সারা দেশে যেভাবে এই বিপ্লব ছড়িয়ে পড়েছিল, সেটা কি আমরা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম ছাড়া আর দেখতে পেয়েছি? গত ৫৪ বছরের ইতিহাসে এমনটা আমরা দেখিনি।’
এই বিপ্লবে কোথায় শহীদ হয়নি প্রশ্ন ছুঁড়ে মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদ রংপুরে শহীদ হয়েছেন, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছেন। কেবল কুমিল্লার ৩৯ জন শহীদ হয়েছেন; মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। আমরা যাত্রাবাড়ীর কথা বলতে পারি। এটা যদি বিপ্লব না হবে, তাহলে বিপ্লব আমরা কাকে বলব।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ এ সময় বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।





















