প্রসঙ্গ নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। দেশটকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। যারা এসব দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। আজ বুধবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
মির্জা ফখরুল বলেন, অতীতে সরকারে ছিলাম, কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেয়া হবে।
এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















