রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের বোতলের বিনিময়ে গাছ বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি “সবুজ শপথ” সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এই চারা বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। এর আগে গতকাল সোমবার (১সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই চারা বিতরণ কর্মসূচীর উদ্ভোধন হয়। কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী , শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। এছাড়াও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. নাসিমা খাতুন সহ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছ তুলে দেন এবং বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ কি কি ভূমিকা রাখে তা বর্ণনা তুলে ধরেন। বাংলাদেশ যে এলার্মিং সিচুয়েশনে আছে সে সম্পর্কে অবগত করেন এবং বেশি বেশি গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন শুধু গাছ লাগানোর উৎসাহই দেয় না, বরং প্লাস্টিক বর্জ্য কমানোতেও কার্যকর ভূমিকা রাখবে।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ফুলজ, ফলজ, বনজ ও ঔষধি জাতীয় চারা তুলে দেওয়া হয়। দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রায় ৪০০ চারা বিতরণ করা হয়। যেখানে হরতকি, লোহাকাঠ, অর্জুন, পাকিস্তানি শিমুল, ছাতিম, জাইতুন, কড়াই, শিউলি, কাঞ্চন, ঝাওগাছসহ বিভিন্ন গাছ ছিল উল্লেখযোগ্য।
এছাড়াও শিক্ষার্থীরা খালি প্লাস্টিক বোতল জমা দিয়ে চারা সংগ্রহ করে, যা প্লাস্টিক পুনঃব্যবহার ও পরিবেশ সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকরা আশা ব্যক্ত করেন, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হবেন এবং পরিবেশ রক্ষায় দৃঢ় ভূমিকা রাখবেন।











