হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
- আপডেট সময় : ১১:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
এর আগে সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এ বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট।
আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে এস এম ফরহাদের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
হাইকোর্টের ওই আদেশের দুই ঘণ্টার মধ্যেই তা স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার আদালতের এই সিদ্ধান্তের ফলে দেশের গুরুত্বপূর্ণ এই নির্বাচন আয়োজনে আর কোনো আইনগত বাধা নেই।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেল ছাড়াও আরও একাধিক প্যানেল ও স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রার্থীরা। ডাকসুর পাশাপাশি একইসঙ্গে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।





















