একই দিনে রাজশাহী কলেজের তিন অধ্যাপকের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিনজন অধ্যাপকের বদলি ও পদায়ন উপলক্ষে একই দিনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় কলেজের নিজ বিভাগের ১০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নোমান মো. আসাদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও সঞ্চালনায় ছিলেন, প্রভাষক সরোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, প্রিয় শিক্ষকরা বিদায় নেওয়া সবসময় কষ্টদায়ক। বদলি ও পদায়ন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও তারা এই প্রতিষ্ঠানে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী তিন অধ্যাপক রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আকতার সারমিন, নাটোর বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল্লাহিল কাফি এবং যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নারগিস জাহানসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অধ্যাপকরা বলেন, রাজশাহী কলেজে প্রথম পদার্পণের মুহূর্তটি আমাদের জীবনের সেরা সময়ের একটি। এই ক্যাম্পাস ও পরিবেশ চিরদিন মনে থাকবে। অন্য কোথাও কাজ করলেও রাজশাহী কলেজের স্মৃতি এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় কর্মরত থাকলেও প্রতিনিয়ত এই কলেজকে স্মরণ করি। বিশেষ করে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ভীষণভাবে মিস করব। তারা রাজশাহী কলেজে কাটানো নানা স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপহার তুলে দেন এবং নতুন কর্মস্থলে তাদের সাফল্য কামনা করেন।





















