১৬ বছর পর রাজশাহীতে বিএনপির সম্মেলন শুরু
- আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: দীর্ঘ প্রায় ১৬ বছর পর আজ রাজশাহীতে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সম্মেলন। আজ রবিবার (১০ আগষ্ট) দুপুর ২ টায় নগরীর শাহমখদুম ঈদগাহ মাঠের পাশে প্রশস্ত সড়কের ওপর বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন কে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন কে সামনে রেখে বেশ জোরালো প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি। সম্মেলন কে ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে বঞ্চিত নেতাকর্মীদের মাঝেও।
এবারের সম্মেলন গুরুত্ব পাচ্ছে দলের নেতাকর্মীদের কাছে। একদিকে যেমন সম্মেলন নিয়ে উচ্ছ্বাস অন্যদিকে হতাশা এবং আশঙ্কাও কাজ করছে দলের অনেক নেতাকর্মীর মাঝে। এছাড়াও সম্মেলন শেষে দলটির মহানগর পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। সেখানে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল হক মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে এই কমিটি ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিল। এর পর আর কোনো সম্মেলন ও কাউন্সিল করার সুযোগ পায়নি দলটি।




















