আগামী নির্বাচনে অধিকাংশ জনগণের সমর্থন বিএনপি পাবে: তারেক রহমান
- আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: ‘আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এরপরে দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ রয়েছে।’
রবিবার (১০ আগস্ট) বিকেলে প্রায় ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদেরকে দেশকে গড়তে হবে। স্বৈরাচার তাদের নিজেদের স্বার্থে শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’
সংস্কার প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, ‘আড়াই বছর আগে স্বৈরাচার সরকারের আমলেই আমরা বাংলাদেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম। সেই ৩১ দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। বর্তমানে সংস্কারের জন্য যেসব আলোচনায় আসছে, অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। কারণ, আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। আর সেই জন্য অন্য কেউ চিন্তা করার আগেই বিএনপি আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম।’
উল্লেখ্য রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। সেখানে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল হক মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে এই কমিটি ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিল। এর পর আর কোনো সম্মেলন ও কাউন্সিল করার সুযোগ পায়নি দলটি।




















