জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা আজ
- আপডেট সময় : ০১:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ তথ্য জানান। যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এ অনুষ্ঠান।
যুবদলের সভাপতি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা।
জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতিমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আবদুল মোনায়েম বলেন, সোমবারের অনুষ্ঠান সামনে রেখে যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে আজ কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেবে যুবদল।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল প্রমুখ।




















