একাদশে ভর্তি আবেদন শুরু হতে পারে ২৪ জুলাই, বাড়ছে ফি
- আপডেট সময় : ০৯:২৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’র খসড়া থেকে এ তথ্য জানা গেছে। আগামী সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বৈঠকে এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে।
কোন ধাপের আবেদন-ফল প্রকাশ কবে
একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী ২৪ জুলাই, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২১ আগস্ট রাত ৮টায়। প্রথম ধাপে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে আগামী ২৫ আগস্ট রাত ৮টার মধ্যে।
এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির সব প্রক্রিয়া শেষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে সারাদেশে একযোগে ক্লাস শুরু হবে।
এসএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই
প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো পরীক্ষা বা লটারি হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করবে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন ফি বাড়তে পারে। খসড়া নীতিমালায় এ বছর ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়ছে ৭০ টাকা। তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কয়টি কলেজ পছন্দক্রম দেওয়া যাবে
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
ভর্তি ফি কোন এলাকায় কত
খসড়া নীতিমালায় ভর্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি কত টাকা নেওয়া যাবে, তা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজি ভার্সন) গতবারের মতোই ৫ হাজার টাকা ফি দিতে হবে।
ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান দেড় হাজার টাকা করে নেওয়া যাবে।
ঢাকা ছাড়া দেশের অন্যান্য মহানগর এলাকার বাংলা ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীপ্রতি বিভিন্ন খাতে (যেমন রেজিস্ট্রেশন ফি, ক্রীড়া ফি) সর্বমোট ৩৩৫ টাকা আগের মতো রাখা হয়েছে।




















