১৬ জুলাইয়ের মধ্যে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজশাহী কলেজ ছাত্রদলের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০২:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ১৬ জুলাই ২০২৪ রাজশাহী কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের ১৬ই জুলাইয়ের মধ্যে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সোমবার (৭ জুলাই) বেলা ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে রাজশাহী কলেজ অধ্যক্ষের নিজ কার্যালয়ে অধ্যক্ষ বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ২০২৪ সালের ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক একটি পৃথক মামলা দায়ের করতে হবে। হামলায় জড়িত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের শিক্ষার্থী তালিকা থেকে বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে। সেদিনের নির্যাতিত শিক্ষার্থীদের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে হবে।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, আমরা গত বছরের ডিসেম্বরে হামলায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানালেও এখনও পর্যন্ত কলেজ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে আমরা আবারও স্মারকলিপি দিলেছি এবং কঠোরভাবে বলছি যদি ১৬ তারিখের মধ্যে কোন দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
তিনি আরও বলেন, আমরা প্রয়োজনে এ বিষয়ে প্রশাসনিকভাবে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছি এবং আমরা তাদের এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, যে স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা এ বিষয়ে শিক্ষকদের সাথে বসবো এবং আলোচনা করে শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য এর আগেও একাধিকবার রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজে সংগঠিত ১৬ জুলাই হামলার বিচার ও হোস্টেলে ছাত্রদের উপর বিগত ছাত্রলীগের আমলে চলমান নির্যাতনের বিচার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছিল।





















