নেটওয়ার্ক কানেকটিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা
- আপডেট সময় : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিড ওয়াং সম্মেলনে বলেন, ‘মোবাইল এআইয়ের ব্যবহার তিনটি নতুন উপায়ে মোবাইলশিল্প খাতে নতুন প্রাণশক্তি নিয়ে আসছে। প্রথমত, মোবাইল ডিভাইসগুলো এখন আর কেবল অ্যাপের ওপর নির্ভরশীল নয়। এখন ডিভাইসগুলো এআই এজেন্ট হোস্ট করতে শুরু করেছে, যা আমাদের জীবন ও কাজের প্রতিটি ক্ষেত্রকে উন্নত করবে। দ্বিতীয়ত, আইওটির (ইন্টারনেট অব থিংস) সঙ্গে এআইয়ের সমন্বয় বুদ্ধিবৃত্তিক বিশ্বের নতুন দ্বার উন্মোচন করছে।
তৃতীয়ত, এআই এখন নেটওয়ার্ক প্রযুক্তিকে শক্তিশালী করে তুলেছে। আমরা আগে নেটওয়ার্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতার ওপর গুরুত্ব দিতাম। কিন্তু এখন এআই আমাদের একই সঙ্গে স্পেকট্রাম, শক্তির ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিচ্ছে।’
বাণিজ্যিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার আকাঙ্ক্ষা ফাইভ-জি-এ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একে আর্থিকভাবে সফল করে তুলছে। ক্লাউড গেমিং কিংবা মাল্টিভিউ ইমার্সিভ স্পোর্টস স্ট্রিমিংয়ের মতো লো ল্যাটেন্সি ও হাই ব্যান্ডউইথনির্ভর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফাইভ-জি-এ-এর নিরবচ্ছিন্ন পারফরম্যান্স গ্রাহকদের জন্য আরও সহজ পেমেন্ট মডেল তৈরি করছে।
হুয়াওয়ে করপোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের প্রেসিডেন্ট লি পেং অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, ‘ফাইভ-জি-এ আরও শক্তিশালী সক্ষমতা নিয়ে আসবে। এটি অপারেটরদের জন্য বহুদিক থেকে নির্ভরযোগ্য নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার পথ সুগম করবে। একই সঙ্গে ফাইভ-জি-এ নতুন ধরনের উদ্ভাবনী ব্যবসার সুযোগ তৈরি করবে এবং ট্র্যাফিকভিত্তিক আয় মডেলের বাইরে গিয়ে সরাসরি গ্রাহকের অভিজ্ঞতাকে আয়ের উৎসে পরিণত করবে।’
লি আরও ব্যাখ্যা করেন কীভাবে অপারেটরেরা এখন এআই এজেন্ট ব্যবহার করে একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন, অন্যদিকে সাধারণ ব্যবহারকারী, আবাসস্থল, শিল্পপ্রতিষ্ঠানে নির্দিষ্ট ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিচ্ছে। তিনি বলেন, ‘এই রূপান্তর অপারেটরদের ব্র্যান্ডের মান বাড়াবে, নতুন উপযোগিতা সৃষ্টি করবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে আরও কার্যকরভাবে আয় করতে সহায়তা করবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের অবকাঠামোর বিবর্তনের লক্ষ্যে নতুন এআইকেন্দ্রিক নেটওয়ার্ক নির্মাণের মানদণ্ড তৈরি করতে হবে।’
২০২৫ সালে ফাইভ-জি-অ্যাডভান্সড প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আন্তর্জাতিক মোবাইল অপারেটর, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নির্ধারকদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে হুয়াওয়ে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন ব্যবহার করে টেলিকম সেবা, অবকাঠামো ও পরিচালনা পদ্ধতিকে নতুনভাবে গড়ে তোলা যায়।




















