ঢাকার ভোটার হলেন জুবাইদা রহমান
- আপডেট সময় : ০৯:০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে এ তথ্য সংগ্রহ করা হয়।
কোনো ব্যক্তিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার হতে হয়। একজন ভোটার চাইলে দেশের যে কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা করার কাজ শুরু হয়। ওই সময় তারেক ও জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি। গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে দেশে আসেন জুবাইদা রহমান। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।
পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে গুঞ্জন আছে। জুবাইদা রহমান সম্প্রতি দেশে আসার পর তাকে ঘিরে সিলেটে বিএনপির রাজনীতিতে নানামুখী আলোচনা চলে।




















