টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপনে বড় আয়োজন বিসিবির
- আপডেট সময় : ০৩:৫৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তির উপলক্ষকে স্মরণ করে উদযাপন করতে বড় আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে নভেম্বরে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। যে টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম। কাকতলীয়ভাবে তার হাত ধরেই এবার রজতজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ।
২১ জুন খুলনা থেকে শুরু হবে রজতজয়ন্তীর এই আয়োজন। পরবর্তীতে রাজশাহী (২২ জুন), সিলেট (২৩ জুন), চট্টগ্রাম (২৪ জুন), ঢাকার রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স (২৫ জুন) এবং রংপুর ও বরিশাল (২৮ জুন) পর্যন্ত ছড়িয়ে পড়বে এই উদযাপন।
আগামী ২৬ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে কেন্দ্রীয় অনুষ্ঠান, নাম দেওয়া হয়েছে- ‘বাংলাদেশের ২৫ বছর টেস্ট ক্রিকেট যাত্রার উদযাপন’। সংবর্ধনা ছাড়াও প্রথম টেস্ট ঘিরে স্মৃতিচারণ করতে পারবেন সেই সময়কার খেলোয়াড় ও কর্মকর্তারা। এ উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে তাদের মতবিনিময় পর্বও থাকবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের হয়ে টেস্ট খেলা বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। আয়োজনের অংশ হিসেবে হতে পারে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বা সঙ্গীতানুষ্ঠান।




















