মঙ্গলবার শুরু গল টেস্ট: তিন স্পিনারে একাদশ সাজাবে বাংলাদেশ!
- আপডেট সময় : ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
গলের পিচ ঐতিহাসিকভাবেই স্পিন সহায়ক। স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পান। তাই টাইগার একাদশে দেখা যেতে পারে তিন স্পিনারকে। এতে করে বাংলাদেশ ফিরে যেতে পারে পুরোনো ফর্মুলায়, তিন স্পিনারের সঙ্গে মাত্র একজন পেসার!
যদিও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হালকা জ্বর কিছুটা উদ্বেগ তৈরি করেছে, তবে তিনি ফিট থাকলে স্পিন-ত্রয়ী হিসেবে তার সঙ্গে থাকবেন নাইম হাসান ও তাইজুল ইসলাম। বাকি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন উদীয়মান হাসান মুরাদ।
অন্যদিকে, শ্রীলঙ্কা দলের চারটি পরিবর্তন আনা হয়েছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দল থেকে। অবসর নিয়েছেন দিমুথ করুণারত্নে, ইনজুরিতে ছিটকে গেছেন লাহিরু কুমারা এবং দল থেকে বাদ পড়েছেন রমেশ মেন্ডিস ও নিশান পীরিস। অভিষেক হতে পারে লাহিরু উদারার, আর স্পিন ও পেসের ভারসাম্য রাখতে দেখা যেতে পারে মিলান রত্নায়েকে ও আকিলা ধনাঞ্জয়াকে।
গলের উইকেটে শুধু স্পিনাররাই রাজ করেন এমন নয়। সময়ে সময়ে ব্যাটারদেরও আধিপত্য দেখা গেছে। চলতি বছরের শুরুতেই যেমন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে ৬০০+ রান করা ইনিংস রয়েছে।




















