বাংলাদেশকে সিরিজ হারিয়ে যা বললেন পাকিস্তানি পেসার
- আপডেট সময় : ১১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: আরেকটি সিরিজ এবং বাংলাদেশ দলের আরেকটি পরাজয়। সাম্প্রতিক সময়ে এটাই বাংলাদেশ ক্রিকেটে একমাত্র ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল টাইগাররা হেরেছে ৫৭ রানে। দলের এমন জয়ে সন্তুষ্টি ঝরেছে পাকিস্তানের পেসার হারিস রউফের কণ্ঠে। এ ছাড়া নতুন বোলিং কোচ অ্যাশলে নফকের সঙ্গে কী প্ল্যান নিয়ে কাজ হচ্ছে তিনি সেসবও জানিয়েছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারিস রউফ বলেন, ‘বোলিং প্ল্যান এমন যে গ্রাউন্ডই হোক না কেন ওই অনুযায়ী প্ল্যান করতে হবে। তার সঙ্গ ভালো লাগছে। ছোট ছোট বিষয় নিয়ে উন্নতির কাজ করতে পারছি। এগুলো আমাদের ফায়দা দিচ্ছে। আগে হয়তো ইগনোর করতাম এগুলো। এখন উন্নতির চেষ্টা চলছে সবার মধ্যেই।’
আধুনিক ক্রিকেটের বাস্তবতা নিয়ে হারিস বলেন, ‘দেখুন সবার আগে আধুনিক ক্রিকেটে হচ্ছে ব্যাটাররা মডার্ন ডে ক্রিকেট খেলছে, বোলাররাও খেলছে। আমার মনে হয় আধুনিক ক্রিকেটে পেস বোলাররা ছুরির নিচে থাকে। পিচ, বাউন্ডারি সবকিছু মিলিয়েই। আমাদের চিন্তা এটাই থাকে যত কম রান রাখা যায়। ২০০ রান এখন পার স্কোর বিশ্ব ক্রিকেটে। ছোট ছোট দলও ২০০ রান করছে। ফলে আজকাল এমন চিন্তা থাকে না যে ২০০ রান হয়েছে কি হয়নি। মাঝে মাঝে ১৭০-১৮০ রানকেও কীভাবে জয়ের জন্য উপযুক্ত পুঁজিতে পরিণত করা যায় সেই চিন্তা থাকে আমাদের।’




















