শুরুটা ‘নতুন মেসি’ হিসেবে, এবার যাচ্ছেন ফ্রেঞ্চ লিগের ক্লাবে
- আপডেট সময় : ০৭:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
কিন্তু দিনে দিনে নিজেকেই যেন হারিয়ে ফেলেছেন আনসু ফাতি। ক্লাবের সবচেয়ে দামী জার্সি নিয়েও মৌসুমের প্রায় পুরোটা কাটিয়েছেন বেঞ্চে বসে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে গিয়েছিলেন ধারে। সেখানেও নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। সবমিলিয়ে আরও প্রতিভা ঝরে পড়ারই ইঙ্গিত যেন ফাতি।
ক্লাব বার্সেলোনাও অবশ্য ফাতিকে নিয়ে খানিক হতাশ। ফর্ম ফেরাতে এবার তাকে পাঠানো হচ্ছে ফ্রেঞ্চ লিগের ক্লাব এএস মোনাকোতে। কিলিয়ান এমবাপে, ফাবিনহো, বার্নাদো সিলভার মত অনেকেই ক্যারিয়ারের উত্থানপর্ব পার করেছেন ফ্রেঞ্চ লিগের এই ক্লাবে। ফাতিও মোনাকো থেকেই নতুন শুরু করতে পারেন এমনই প্রত্যাশা।
মাত্র ২২ বছর বয়সী ফাতির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে। কিন্তু এই মৌসুমেই তাকে ছাড়তে পারে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে, ধারেই মোনাকো যেতে পারেন ফাতি। যদিও তাতে পুরোপুরি কিনে নেওয়ার সুযোগও রাখছে ব্লুগ্রানারা। অন্য এক সূত্রের খবর, বার্সেলোনা পুরোপুরি বিক্রি করতে চায় ফাতিকে। সেক্ষেত্রে মোনাকোকে ২৬ মিলিয়ন ডলার খরচা করতে হবে।
গত মৌসুমে মাত্র ১১টি ম্যাচে মোট ২৯৮ মিনিট খেলেছেন ফাতি। আর নতুন কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন পুরোদমে। এরসঙ্গে আছে ফাতির উচ্চ বেতনের চাপ। সবমিলিয়ে পুরোপুরিভাবেই ফাতিকে বিদায় জানাতে চায় বার্সা।
আদি হুটারের অধীনে ফ্রান্সের লিগ ওয়ানে তৃতীয় স্থান অর্জন করা এএস মোনাকো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ইউরোপিয়ান ফুটবলে জায়গা পাওয়া এবং নিয়মিত খেলার সুযোগের প্রতিশ্রুতি পেলে মোনাকোকেই বেছে নিতে পারেন এই স্প্যানিশ।




















