সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সে ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’
উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তারেক রহমানকে নিয়ে ড. খলিলের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যপ্রনোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এমন বক্তব্য রেখেছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এই ধরণের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।
এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট -রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তাঁর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জনগণের সামনে হাজির করতে হবে।’
রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কি ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’
মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।




















