২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে জেলে যেতে হবে : এম সাখাওয়াত
- আপডেট সময় : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপসহ যে সব মালিকের কাছে শ্রমিকদের টাকা পাওনা আছে তা আগামী ২৮ মের মধ্যে পরিশোধ করতে হবে। সেটি না করলে মালিককে আটক করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে।
বুধবার (২১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে নৌ ব্যবস্থাপনা, নিরাপদ নৌ চলাচল, শৃঙ্খলা, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।
শ্রমিকদের বেতন না দেওয়ায় ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরও অনেকের বিরুদ্ধে হবে। কোনো মালিককে ছাড় দেওয়া হবে না।
উপদেষ্টা বলেন, নৌ পুলিশ, কোস্টগার্ড থাকবে নিরাপত্তার জন্য। জুনের ৫ তারিখ থেকে প্রত্যেক লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার থাকবে। ঈদের ৩ দিন আগ থেকে পরের ৭দিন বাল্কহেড চলবে না। রাতে স্পিডবোট চলবে না।
রৌমারী থেকে চিলমারী রুটে ২টি ফেরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা আপাতত ট্রায়াল চলছে। কাল থেকে আনুষ্ঠানিকভাবে চলবে। এটা জামালপুরকে কানেক্ট করবে। দূরত্ব প্রায় ১০০ কি.মি. পথ কমবে। ড্রেজিং করে এই নৌ রুট চালু করা হয়েছে।




















