ভারত-পাকিস্তান যুদ্ধে কার কেমন ক্ষতি হলো
- আপডেট সময় : ১১:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলে পাকিস্তান হামলার সঙ্গে যে কোনো ধরণের যোগসূত্রের কথা অস্বীকার করেছিল। এরপরেও কোনো ধরনের প্রমাণ ছাড়াই ৭ মে রাতে ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
আগে থেকেই প্রস্তুত পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের এই হামলা প্রতিহত করেছিল। ঘটনার তিন দিন পর প্রতিশোধ নিতে পাকিস্তান ১০ মে ভোররাতে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামে ভারতীয় সামরিক স্থাপনায় সমন্বিত ও পরিকল্পিত হামলা চালায়। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এই যুদ্ধে কোনো দেশই তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করেনি। তবে উভয় দেশের সংবাদমাধ্যম ও সামরিক কর্মকর্তাদের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণ করে রাইজিংবিডি যুদ্ধে ভারত ও পাকিস্তানের ক্ষয়ক্ষতির একটি আনুমানিক চিত্র পেয়েছে।
পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে সামরিক অভিযানে ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান অংশ নিয়েছিল। এগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল এবং হ্যামার বোমা। এর পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের দুই থেকে তিনটি বিমান ঘাঁটিসহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান জে-১০সি যুদ্ধবিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে। পাকিস্তানের দাবি, তারা তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি মিগ-২৯ ও একটি সুখোই-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাতটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।




















