রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ফজলুর রশীদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মারা গেলেন রাবির অবসরপ্রাপ্ত প্রফেসর ড.ফজলুর রশীদ
- আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ফজলুর রশীদ মঙ্গলবার দুপুরে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর উত্তর মণিপুরীপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে আগারগাঁও কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সংসদ এভিনিউতে মণিপুরীপাড়ায় নিজ বাড়িতে রাখা হয়।
ড. ফজলুর রশিদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যাতত্ত্ব বিষয়সহ সমাজবিজ্ঞানে এমএ ডিগ্রি এবং ১৯৭৭ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬৯ সালে রাবি সমাজবিজ্ঞান বিভাগে তৎকালীন রিডার (বর্তমানে সহযোগী অধ্যাপক) হিসেবে যোগ দেন ও ১৯৭৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ২০০৫ সালে অবসরগ্রহণ করেন। রাবিতে যোগদানের আগে কয়েক বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন।
রাবিতে কর্মজীবনে তিনি কলা এবং সমাাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সভাপতি, শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ, রাবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে অতিথি শিক্ষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র ফেলোর দায়িত্বও পালন করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি স্টাডিজ জার্নালের প্রধান সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন। এছাড়া বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতির সহ-সভাপতি ও রাবি শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। সমাজবিজ্ঞান বিষয়ে তাঁর তিনটি গ্রন্থ ও পনেরটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ড. খানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার কর্তৃক একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মৃত্যুর খবরটি জানানো হয়।
























