রাজশাহীর ৪১২ মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
- আপডেট সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
মহাষষ্ঠীর পূজা-অর্চনার মধ্য দিয়ে রাজশাহী নগর ও জেলার ৪১২টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। বুধবার থেকে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে দুর্গা দেবীর প্রতীমা থানে ওঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজশাহী মহানগর।
বিপুল আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে এবার মহানগরজুড়েই নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। বুধবার সকাল সাড়ে ৭টায় সায়াংকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়।
রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার জানান, এ বছর মহানগরের ৭৭টি এবং জেলার নয় উপজেলার ৩৩৫টি মিলিয়ে মোট ৪১২টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। পূজা চলাকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হটলাইন চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। দুর্গাপূজা চলাকালে আরএমপির প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। আর যেকোনো জরুরি প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০-০৬৩৯৯৯) যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহীতে উৎসবমুখর পরিবেশেই পূজা উদযাপন হবে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন, নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেজন্য মণ্ডপগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে সবকিছুই মনিটরিং করা হচ্ছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























