বিসিবি সভাপতির পদ ছাড়তে সম্মত পাপন
- আপডেট সময় : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তনের দাবি উঠেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি’র প্রধান কার্যালয়ের সামনে প্রায় প্রতিদিনই চলছে মিছিল-মিটিং। আন্দোলকারীরা মূলত বিসিবিতে সংস্কার চাচ্ছেন। বিসিবির সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগের দাবিতে সোচ্চার তারা। তারই ধারাবাহিকতায় নাজমুল হাসান পাপন সভাপতির পদ থেকে পদত্যাগ করার ব্যাপারে সম্মত হয়েছেন। বাংলা ট্রিবিউনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওই খবরে বলা হয়, বোর্ড সভাপতি নিজ থেকেই বোর্ডকে নিজের পদত্যাগের সম্মতির কথা জানান। নাজমুল হাসান পাপন নিজেও ক্রিকেট বোর্ড সংস্কারের পক্ষে। এই কারণেই পদত্যাগ করবেন বলে বাংলা ট্রিবিউনের সূত্রটি নিশ্চিত করেছে। ক্রিকেটকে এগিয়ে নিতে যা যা করার দরকার সবই করতে রাজি আছেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবির এই সভাপতি। যতটুকু জানা গেছে, এই মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। বোর্ড সভাপতি পাপনসহ বিসিবির আরও ১৩ পরিচালক আত্মগোপনে আছেন বলে খবর। পাপনসহ বিসিবির প্রভাবশালী পরিচালকরা আড়ালে চলে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে কার্যক্রম।
সামনেই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের কার্যক্রম নিয়ে দফায় দফায় মিটিং করেও কোন কূল কিনারা করতে পারছেন না দেশে থাকা বাকি পরিচালকরা। এই অবস্থায় ক্রিকেটের গতিশীল অবস্থা বজায় রাখতেই বোর্ড সভাপতির পদত্যাগের সিদ্ধান্ত।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি

















