বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু মালয়েশিয়ার
- আপডেট সময় : ০১:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালুর দাবি জানানো হচ্ছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
বর্তমানে মালয়েশিয়া ১৫ দেশ থেকে শ্রমিক নেয়, তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য নানা ভোগান্তির কারণ ছিল। এমইভি চালুর ফলে এখন বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন এবং ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।




















