নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের
- আপডেট সময় : ০১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বৈঠকের শুরুতে তারেক রহমান বলেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে।
বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। নির্বাচনের আগে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
নেতারা আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আগের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার বাস্তবায়ন করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ধারাবাহিক বৈঠকে শনিবার সন্ধ্যায় যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।




















