ডাকসু নির্বাচনের তফশিলকে স্বাগত জানালো ইসলামী ছাত্র আন্দোলন
- আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচন তফশিল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ৬ বছর পর তফশিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।
নেতৃদ্বয় আরো বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য।
তারা আরো বলেন, ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে।





















