ফেব্রুয়ারিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের কাছে যান, মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নেই। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঠিক করেছেন। এইজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
বক্তব্যের শুরুতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন সুযোগ পাই সিলেট আসি। কারণ হচ্ছে, শত শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছেন। সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মহান সাধকের দরগায় আমরা আসি। শুধু আমরা নই, দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সেই দল সেই যে দল স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কর্মস্থান সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই। সেজন্য বিএনপি ৩১ দফা দিয়েছে। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই দেশ আমরা গড়তে চাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান মিজান ও এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।




















