দুই জেলায় আরও ৩৪ জনকে পুশ ইন ভারতের
- আপডেট সময় : ০১:৪২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ১৯ জনকে পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে। তারা শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আটকরা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কথা পুলিশকে জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের শিকার নারী-পুরুষ ও শিশুরা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয়রা দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়। তাদের মাঝে ৬ জন পুরুষ, নারী ৯ এবং চারটি শিশু রয়েছে।
এদিকে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরো ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম জাকারিয়া বলেন, তাদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম-ঠিকানা পরে জানানো হবে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আরো ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, গভীর রাতে পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খাগড়াছড়ির বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে রাখা হয়। বিজিবির তত্ত্বাবধানে থাকা এসব মানুষের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৫৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ।




















