নাসুমের জায়গায় এলো তানভীর ইসলাম- কিন্তু কেন ?
- আপডেট সময় : ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসির এই ইভেন্টে নাসুম খেলার সুযোগ না পেলেও বাংলাদেশ দলে ছিলেন নাসুম। বিশেষ করে ডিফেন্সিভ বোলিংয়ের পাশাপাশি পরিস্থিতি বুঝে ব্যাটিংটাও চালিয়ে নিতে তিনি ভালোই পারেন। চ্যাম্পিয়নস ট্রফির প্রায় চার মাস পর বাংলাদেশ যখন ওয়ানডে খেলতে যাচ্ছে, তখন জায়গা পাননি নাসুম। তাঁর পরিবর্তে লঙ্কা সিরিজের দলে সুযোগ পাওয়া তানভীরের এখনো ওয়ানডেতে অভিষেকই হয়নি।
লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে তানভীর নিয়েছেন ২ উইকেট। উইকেট দুটিও তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। সম্প্রতি এমন দারুণ পারফরম্যান্স করেই মূলত তানভীর নিজেকেই ওয়ানডে অভিষেকের কাছাকাছি নিয়ে এসেছেন। যদিও লিপু জানিয়েছেন, নাসুম এখনই পরিকল্পনার বাইরে নন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কৌশলগত কারণেই কিছু পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন লিপু। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘এশিয়া কাপের আগে কিছু ক্রিকেটারকে দেখে নিতে হতো। আরও সামনে বিশ্বকাপ, তাই চাই দলের প্রতিটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের আগেই একটি গুছানো দল গঠন করে ফেলা। এরপর ম্যাচের সংখ্যাও খুব বেশি থাকবে না। বিপিএল কিংবা এনসিএল টি–টোয়েন্টির মতো ঘরোয়া লিগে হয়তো কিছু দেখার সুযোগ থাকবে। তবে তার আগেই আমরা সাদা বলের ক্রিকেটের একটা সুন্দর ও গোছানো চূড়ান্ত দল করে নিতে চাই।’




















