সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: উপদেষ্টা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তাঁদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ মর্যাদায় অবনমন করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে সেটি সঠিক নয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ জারি করেছে সরকার।
সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তাঁদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে। তবে মুজিবনগর সরকার, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, নার্স ও চিকিৎসকদের সহায়কদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশের বরাত দিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি সরকার বাতিল করেছে বলে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।




















